**মো: আল-মাহফুজ শাওন **
সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশীট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে নিয়ম ভেঙে ১০ জনকে ডিঙ্গিয়ে মিজানুর রহমান বিভাগীয় পরিচালক পদে পদোন্নতি পান। পরবর্তীতে দায়িত্বে থাকাকালে বিভিন্ন ব্যক্তিকে অনিয়মের মাধ্যমে পদোন্নতি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম জানান, দীর্ঘ অনুসন্ধান শেষে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১৬ এপ্রিল আদালতে তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
চার্জশীটে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে মিজানুর রহমান কয়েক কোটি টাকার সম্পদ অর্জন করেন। এর মধ্যে রয়েছে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বাড়ি নির্মাণ, ইস্কাটন ও মোহাম্মদপুরে দুটি ফ্ল্যাট, যশোর শিক্ষা বোর্ডের সামনে ৬ তলা ভবন এবং খুলনার খালিশপুর ‘সি’ ব্লকে প্রায় ৮৫ লাখ টাকায় প্লট কিনে ৯ তলা বাড়ি নির্মাণ।
দুদকের অনুসন্ধানে তার আয়বহির্ভূত সম্পদের মালিকানার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সহকারী পরিচালক থেকে স্বল্প সময়ের মধ্যে উপ-পরিচালক পদে পদোন্নতি পেতেও অনিয়ম ও উৎকোচের ভূমিকা ছিল। এসব অনিয়ম থেকে সাবেক প্রতিমন্ত্রীও লাভবান হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, বরখাস্ত হওয়া পরিচালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে তিনি একাধিক পদে দায়িত্ব পালন করেছেন এবং এসব বিষয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি বলে সূত্র জানিয়েছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..